| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে সতর্ক পুলিশ

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৬ ইং | ১৪:০৫:৪৪:অপরাহ্ন  |  ১২৩৯ বার পঠিত
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে সতর্ক পুলিশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে কর্মসূচি পালনের চেষ্টা করলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ পরিস্থিতিতে দেশের সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঠানো ওই চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে জড়ো হয়ে পতাকা উত্তোলন ও ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করার চেষ্টা করতে পারেন। এমন পরিস্থিতিতে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘাতের প্রবল আশঙ্কা রয়েছে।

এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসব কর্মকাণ্ডে বাধা দিলে ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা বা চড়াও হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস)-কে মাঠপর্যায়ে নজরদারি জোরদার এবং সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণের মাধ্যমে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন বলেও পুলিশ সদর দপ্তরের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। একই দিনে গণভবনের সামনেও দলটির সহযোগী সংগঠন যুবলীগের উদ্যোগে একটি ঝটিকা মিছিল বের করা হয়।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের কারণে জননিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য নাশকতা বা সহিংসতা প্রতিরোধে মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪