স্পোর্টস ডেস্ক: সিরিজে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে টসেই ধাক্কা খেল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগে ফিল্ডিং করতে নামতে হচ্ছে স্বাগতিক বাংলাদেশকে।
প্রথম ম্যাচে ৪ উইকেটের পরাজয়ের পর সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি টাইগারদের জন্য কার্যত ‘বাঁচা-মরার লড়াই’। এই ম্যাচে হার মানেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে অস্ট্রেলিয়া। অন্যদিকে জিতলে সিরিজে সমতা ফিরিয়ে শেষ ম্যাচে শিরোপা নির্ধারণের সুযোগ পাবে বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে একাদশে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার শরিফুল ইসলাম এবং স্পিনার শেখ মেহেদী হাসানকে বিশ্রামে রেখে দলে সুযোগ দেওয়া হয়েছে গতিময় পেসার নাহিদ রানা এবং বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। বোলিং আক্রমণে গতি ও বৈচিত্র্য বাড়াতেই এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে জয় দিয়ে সিরিজে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া একাদশে একটি পরিবর্তন এনেছে। জেভিয়ার বার্টলেটের জায়গায় দলে নেওয়া হয়েছে অ্যারন হার্ডিকে।
বাংলাদেশের একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, আবদুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
অস্ট্রেলিয়ার একাদশ
মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, ন্যাথান এলিস, এডাম জাম্পা ও স্পেন্সার জনসন।
রিপোর্টার্স২৪/ঝুম