| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপের পর্দা উঠল, প্রথম গোল মেক্সিকোর

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ০২:৩৫:৫০:পূর্বাহ্ন  |  ২০৩২ বার পঠিত
বিশ্বকাপের পর্দা উঠল, প্রথম গোল মেক্সিকোর

স্পোর্টস ডেস্ক: আবারও ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে বিশ্ব। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠেছে সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে।

মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ৩৯ দিনের এই মহাযজ্ঞ। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশ্বখ্যাত কলম্বিয়ান শিল্পী শাকিরা। এছাড়া জে বালভিন ও দক্ষিণ আফ্রিকার গায়িকা টাইলাও অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর রেফারির বাঁশিতে শুরু হয় ম্যাচ। সবুজ জার্সিতে মাঠে নামে মেক্সিকো, আর হলুদ জার্সিতে খেলছে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের প্রথম গোলটি আসে মেক্সিকোর ফরোয়ার্ড হুলিয়ান কিনিওনেসের পা থেকে। ম্যাচের নবম মিনিটে গোল করে ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে নাম লেখান তিনি।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ১-১ গোলে ড্র হয়েছিল ম্যাচটি। ১৬ বছর পর আবারও বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে দেখা হলো তাদের।

‘এ’ গ্রুপে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে রয়েছে চেকিয়া ও দক্ষিণ কোরিয়া। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি নকআউট পর্বে উঠবে। এছাড়া ১২টি গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও শেষ ৩২-এর পর্বে জায়গা করে নেবে।

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় ৪০টি বেশি। প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে।

দুই দলের মধ্যে এটি পঞ্চম সাক্ষাৎ। আগের চার দেখায় মেক্সিকো জয় পেয়েছে দুটি ম্যাচে, দক্ষিণ আফ্রিকা জিতেছে একটিতে এবং একটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০১০ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার সিফিওয়ে শাবালালার গোলে এগিয়ে যাওয়ার পর রাফায়েল মার্কেস সমতা ফেরালে ম্যাচটি ১-১ গোলে শেষ হয়েছিল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪