| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে বিমান হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ০১:১৯:৩২:পূর্বাহ্ন  |  ৬৯৯৬ বার পঠিত
ইরানে বিমান হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর পূর্বনির্ধারিত বিমান হামলা ও বোমাবর্ষণের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ট্রাম্প জানান, ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা সফলভাবে সম্পন্ন হওয়ার পরই তিনি হামলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। তার দাবি, এই সমঝোতা প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান ও মিশরসহ সংশ্লিষ্ট পক্ষগুলো একমত হয়েছে।

ট্রাম্প বলেন, আলোচনার মূল বিষয়বস্তু ও পরিকল্পনা সংশ্লিষ্ট সব পক্ষ গ্রহণ করেছে। তবে সমঝোতা চূড়ান্তভাবে স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ বহাল থাকবে।

তিনি আরও জানান, চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে।

এর আগে একই দিন ট্রুথ সোশ্যালে দেওয়া আরেকটি পোস্টে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস হয়ে গেছে।

একই পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, খুব শিগগিরই ইরানের খার্গ দ্বীপ এবং অন্যান্য তেল অবকাঠামোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে এবং দেশটির তেল ও গ্যাস বাজারের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হবে, যেমনটি ভেনিজুয়েলার ক্ষেত্রে করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার শুরু থেকেই ট্রাম্প বারবার ইরানের উপকূলের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের হুমকি দিয়ে আসছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪