| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আইভির আইনজীবী কাজল গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৬ ইং | ২৩:০৭:৩৫:অপরাহ্ন  |  ৩৮২১ বার পঠিত
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আইভির আইনজীবী কাজল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সদস্য জিয়াউল ইসলাম কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) মধ্যরাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি এনপিবি নিউজকে নিশ্চিত করেছেন।

ওসি মাহবুব আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় কাজল সন্দেহভাজন আসামি। মামলাটির ঘটনাস্থল ছিল সরকারি তোলারাম কলেজের সামনের একটি কার্যালয় ও এর আশপাশের এলাকা। ওই মামলায় কাজলকে গতকাল মধ্যরাতে তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে শুনানিতে অংশ নেন জিয়াউল ইসলাম কাজল।

সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় নিম্ন আদালত থেকে পুনরায় জামিন পান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী।

ওই দিন আদালতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি আইভী। তবে আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগমুহূর্তে তিনি বলেন, “জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না।” এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

জিয়াউল ইসলাম কাজল শহরে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক আন্দোলনে প্রতিবাদী ব্যক্তি হিসেবে পরিচিত।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ভোরে ফতুল্লা মডেল থানার ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামের সামনে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, প্রচার-প্রচারণা ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪