| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পানি সহযোগিতায় ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৬ ইং | ১২:০৮:৩৬:অপরাহ্ন  |  ৩৩৬ বার পঠিত
পানি সহযোগিতায় ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের সঙ্গে পানি সহযোগিতা ও পানি বণ্টন ইস্যুতে সংলাপ আরও জোরদার করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে এবং আলোচনায় অংশ নিতে ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পানি বণ্টনের ক্ষেত্রে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা প্রত্যাশা করে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ভারতের কাছ থেকে বাংলাদেশ ন্যায্য হিস্যা চায়। পানি বণ্টনের বিষয়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইনের অবস্থান রয়েছে। একই সঙ্গে পানি ইস্যুতে সহযোগিতা বাড়াতে দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও নিয়মিত সংলাপ প্রয়োজন।

তিনি জানান, পানি সহযোগিতা ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা এগিয়ে নিতে বাংলাদেশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। এখন ওই কমিটির সঙ্গে আলোচনার জন্য ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে।

গঙ্গার পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ভারতের কাছে নাম চেয়েছি, যাতে আমাদের প্রতিনিধিরা তাদের সঙ্গে সংলাপ ও আলোচনা শুরু করতে পারেন। এখন আমাদের তাদের জবাবের অপেক্ষা করতে হবে।’

ভারতের কাছ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার আশা প্রকাশ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, খুব শিগগিরই এ বিষয়ে ভারতের পক্ষ থেকে জবাব পাওয়া যেতে পারে। এরপর দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার মাধ্যমে পরবর্তী দফার পানি চুক্তি নবায়নের পথ আরও প্রশস্ত হবে।

পানি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের আলোচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের নেতৃত্বের মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে পানি নিয়ে আলোচনার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব। এ ধরনের বিষয় কূটনীতি ও সংলাপের মাধ্যমেই সমাধান করতে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে, পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ আলোচনার মাধ্যমে এগিয়ে যেতে চায়। ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নাম পাওয়ার পর দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হলে পানি বণ্টন ও গঙ্গার পানি চুক্তি নবায়নের বিষয়টি নতুন করে গতি পেতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪