| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৯:৫৪:০৯:অপরাহ্ন  |  ৫২৩ বার পঠিত
বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ

স্টাফ রিপোর্টার: দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় জ্বালানি সম্পদের সর্বোচ্চ ব্যবহার, গ্যাস অনুসন্ধান জোরদার এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা। তাঁদের মতে, অতিরিক্ত আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা জাতীয় অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সমন্বিত জ্বালানি নীতির কোনো বিকল্প নেই।

বুধবার (১৩ মে) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দপ্তরের কাউন্সিল হলে অনুষ্ঠিত ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা’ শীর্ষক সুপারিশমালা প্রণয়নবিষয়ক কর্মশালায় এসব কথা বলা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইইবির ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোরশেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ আলী। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, পেট্রোবাংলা-র মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. তাজুল ইসলাম মজুমদার, বাপেক্স-এর ব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী মো. শওকত ফেরদৌস, স্রেডা-র পরিচালক প্রকৌশলী মো. মুজিবুর রহমান, ইস্টার্ন রিফাইনারি পিএলসি-র ব্যবস্থাপক (পরিকল্পনা) প্রকৌশলী সোহরাব হোসেন এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর পরিচালক প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদারসহ বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন বিশেষজ্ঞ ও প্রকৌশলী।

বক্তারা বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং আমদানিনির্ভরতা দেশের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। এ পরিস্থিতিতে অনশোর ও অফশোর ব্লকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্যাস অনুসন্ধান বাড়াতে হবে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও বর্জ্যভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান তাঁরা।

আলোচনায় আরও বলা হয়, এলএনজি, কয়লা ও তরল জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ জ্বালানি মিশ্রণ গড়ে তোলা প্রয়োজন। নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আগে যথাযথ সম্ভাব্যতা যাচাই, জ্বালানি সরবরাহ সক্ষমতা এবং পরিবেশগত প্রভাব মূল্যায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে দুর্নীতি, অপচয় ও অনিয়ম ঠেকাতে কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশীয় প্রকৌশলী ও বিশেষজ্ঞদের মতামতকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশও করা হয়।

কর্মশালায় আইইবির ভাইস প্রেসিডেন্ট (এসঅ্যান্ডডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এসঅ্যান্ডডব্লিউ) প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য, বিভিন্ন প্রকৌশল বিভাগের নেতা এবং বিভিন্ন প্রকৌশল সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪