| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছোটমনি নিবাসসহ ৯ প্রকল্পের অনুমোদন

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৯:২৯:০১:অপরাহ্ন  |  ৬৯৪ বার পঠিত
ছোটমনি নিবাসসহ ৯ প্রকল্পের অনুমোদন

স্টাফ রিপোর্টার: পরিচয়হীন শিশুদের সরকারি আশ্রয়কেন্দ্র ‘ছোটমনি নিবাস’ নির্মাণ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন করেছে সরকার। 

বুধবার (১৩ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত ৯ প্রকল্পের মধ্যে স্থান পেয়েছে ছোটমনি নিবাস নির্মাণসহ স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও বিদ্যুৎ খাতের কয়েকটি প্রকল্প। এছাড়া রয়েছে প্রতিরক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতসহ আরও কয়েকটি খাতের একটি করে প্রকল্প। এর মধ্যে নতুন প্রকল্প ৩টি ও সংশোধিত প্রকল্প রয়েছে ৫টি। মেয়াদ বৃদ্ধি প্রকল্প ছিল ১টি।    

এই প্রকল্পগুলো বাস্তবায়নে খরচ হবে ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ২০৪ কোটি ৭৯ লাখ টাকা। 

বাংলাদেশ সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।

সভায় অনুমোদিত ৯টি প্রকল্পের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২টি প্রকল্প ছিল। এগুলো হলো ‘চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন (২য় সংশোধন)’ প্রকল্প এবং ‘গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ (২য় সংশোধন)’ প্রকল্প।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ছিল। প্রকল্পটি হলো ‘জেলা শহরে বিদ্যমান মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উন্নীতকরণ/পুনর্নির্মাণ (প্রথম ফেইজ)’ প্রকল্প।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের ১টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এটা হলো, ‘হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ (৩য় সংশোধন)’ প্রকল্প। 

এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস নির্মাণ/পুনঃনির্মাণ (২য় সংশোধন)’ প্রকল্প, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সমস্যা নিরসনে ৪গুণ এসএম ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা হতে সাগরিকা) (৫ম সংশোধিত)’ প্রকল্প একনেক সভায় অনুমোদন পায়। 

অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হলো পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘পদ্মা ব্যারেজ (১ম পর্যায়)’ প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া হতে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প (১ম সংশোধন)’ প্রকল্প।  

একনেক সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান

সভায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাসূত্রে জানা যায়, একনেক সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ২টি প্রকল্প সর্ম্পকে অবহিত করা হয়। সেগুলো হলো,  ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ এর অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।  

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪