রিপোর্টার্স২৪ডেস্ক: জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা প্রশাসকদের জন্য নয় দফা নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
রোববার (১৫ মার্চ) জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক অনলাইন মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব এবং দেশের সব জেলা প্রশাসক অনলাইনে যুক্ত ছিলেন। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে সুশৃঙ্খল রাখতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। জনগণের ভোগান্তি যেন না বাড়ে, সে বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন ও দৃঢ়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসকদের উদ্দেশে দেওয়া প্রতিমন্ত্রীর নির্দেশনাগুলো হলো
১. প্রতিদিন ডিপোর প্রারম্ভিক ও সমাপনী জ্বালানি মজুত যাচাই করে প্রতিবেদন দেওয়া।
২. ডিপো থেকে পেট্রল পাম্পে বরাদ্দকৃত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
৩. পেট্রল পাম্প ডিলার, এজেন্সি ডিলার, প্যাকড পয়েন্ট ডিলার ও ডিরেক্ট কাস্টমারসহ সব গ্রাহকের সরবরাহ ও বিতরণ তদারকি করা।
৪. কোনো পেট্রল পাম্প বন্ধ থাকলে তার কারণ অনুসন্ধান করা এবং ডিপোর সঙ্গে তেল সরবরাহের হিসাব যাচাই করা।
৫. অবৈধ মজুদদারি প্রতিরোধ করা।
৬. তেলের ডিপোর নিরাপত্তা নিশ্চিত করা।
৭. জ্বালানি তেলের পাচার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।
৮. নির্ধারিত মূল্যের বেশি দামে জ্বালানি বিক্রি ঠেকাতে নজরদারি জোরদার করা এবং অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
৯. জেলা পর্যায়ে সার্বিক নজরদারি বৃদ্ধি করা।
রিপোর্টার্স২৪/এসসি