| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে সমন্বিত প্রস্তুতি নেওয়া হয়েছে: সড়ক পরিবহনমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৩:১৩:৫৮:অপরাহ্ন  |  ৬৩৭৮৫৪ বার পঠিত
ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে সমন্বিত প্রস্তুতি নেওয়া হয়েছে: সড়ক পরিবহনমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে সমন্বিত প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এবারের ঈদযাত্রা অন্য সময়ের তুলনায় আরও স্বস্তির ও নিরাপদ হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ-এ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর নির্মাণাধীন ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

নদীপথে দূষণ ও চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দীর্ঘদিন স্থবির থাকা নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি।

লাইটার জাহাজে গমসহ প্রয়োজনীয় পণ্য নির্ধারিত সময়ে খালাস না করে মজুত রাখার অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, এতে কৃত্রিম সংকট সৃষ্টি হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কিছু প্রমাণ পাওয়া গেছে এবং সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪