রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বহুল আলোচিত গণভোট ঘিরে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। নানা রাজনৈতিক টানাপোড়েন ও অনিশ্চয়তার পর আজ (বৃহস্পতিবার) সকালেই শুরু হয়েছে ভোটগ্রহণ। গণতন্ত্রের ধারাবাহিকতা ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে এই নির্বাচনকে ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে তীব্র আগ্রহ।
ঢাকা-১১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সকাল ৮টার দিকে রাজধানীর বেরাইদ এলাকায় অবস্থিত এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার সময় কেন্দ্রজুড়ে ছিল কৌতূহলী ভোটার ও সমর্থকদের উপস্থিতি।
নির্বাচনের একেবারে প্রথম ভাগেই ভোট দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ৭টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেন, “এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে।”
তিনি আরও উল্লেখ করেন, বহু বাধা-বিপত্তি, রক্তপাত ও আত্মত্যাগের পর এই দিনটি এসেছে এবং এই সূচনা দেশের জন্য তাৎপর্যপূর্ণ।
এদিকে, বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ভোট দেবেন বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, যিনি ঢাকা-১৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মিরপুর-২ নম্বর এলাকার মনিপুর উচ্চবিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট দেবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
সকাল সাড়ে ৭টার পরপরই ভোটগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ করা যায়। অনেক জায়গায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের অপেক্ষা করতে দেখা গেছে। নারী-পুরুষ, তরুণ ও প্রবীণদের অংশগ্রহণে নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
১২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রত্যাশার সুর। কে পাবেন জনগণের আস্থা—তার সিদ্ধান্ত এখন ভোটারদের হাতে। গণনার পরই মিলবে সেই প্রতীক্ষিত উত্তর।
রিপোর্টার্স২৪/ঝুম