| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুয়েটে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন নতুন উপাচার্য

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৬ ইং | ১১:২১:৩০:পূর্বাহ্ন  |  ৩৩৪১ বার পঠিত
চুয়েটে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন নতুন উপাচার্য

রিপোর্টার্স২৪ ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যেই প্রশাসনিক ভবনের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

 সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় ছাত্রদলপন্থি বর্তমান ও সাবেক ৮ থেকে ১০ জন শিক্ষার্থীও তাঁর সঙ্গে ভবনে প্রবেশ করেন। পরে তারা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকা এবং শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচির মধ্যে উপাচার্যের এভাবে প্রশাসনিক ভবনে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের চলমান পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১১ ও ১২ অক্টোবর ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেওয়ার কথা ছিল উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের। এ কারণে ১০ অক্টোবর বিকেলে তার ঢাকায় যাওয়ার কথা জানানো হয়েছিল। তার অনুপস্থিতিতে ১১ ও ১২ অক্টোবরের জন্য যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়।

তবে পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী উপাচার্য ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেলেও সোমবার সকালে তাঁকে হঠাৎ চুয়েট ক্যাম্পাসে দেখা যায়। পরে তিনি প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁর সঙ্গে ছাত্রদলপন্থি বর্তমান ও সাবেক ৮ থেকে ১০ জন শিক্ষার্থী ছিলেন। ভবনে প্রবেশের পর তারা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের মাত্র ৫৬ দিনের মাথায় চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়। একই দিন অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

উপাচার্য পরিবর্তনের এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এর পরদিন, ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করে আসছেন তারা। ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।

অন্যদিকে, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের এ কর্মসূচির কারণে প্রশাসনিক কার্যক্রমেও অচলাবস্থা তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে চলা এ সংকটের মধ্যে নতুন উপাচার্যের প্রশাসনিক ভবনে প্রবেশের ঘটনা চুয়েটের চলমান পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪