শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের আমজাদিয়া একাডেমিতে এমপি সাঈদ আহমেদ আসলামের সংবর্ধনা ও একাডেমির নবনির্বাচিত এডহক কমিটির পরিচিতি এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) আমজাদিয়া একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাঈদ আহমেদ আসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমজাদিয়া একাডেমির সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মোঃ ফজলুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আহমেদ আসলাম বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমজাদিয়া একাডেমির শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আমি আন্তরিকভাবে পাশে থাকার চেষ্টা করবো।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ ফজলুল করিম বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমজাদিয়া একাডেমির শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে নবনির্বাচিত এডহক কমিটি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।
অনুষ্ঠানে এমপি সাঈদ আহমেদ আসলামকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও নবনির্বাচিত এডহক কমিটির সদস্যদের পরিচিতি প্রদান করা হয়। পাশাপাশি এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এডহক কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যে তাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব