| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরাকে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল রাজবাড়ীর শাহিনের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৬ ইং | ০২:১৬:১৪:পূর্বাহ্ন  |  ১২৪ বার পঠিত
ইরাকে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল রাজবাড়ীর শাহিনের

রাজবাড়ী প্রতিনিধি: জীবিকার তাগিদে দুই বছর আগে বাংলাদেশ থেকে ইরাকে পাড়ি জমিয়েছিলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শাহিন শেখ। সেখানে একটি রড কারখানায় কাজ করতেন তিনি। পরিবারের ঋণ শোধ করে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল তাঁর। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। কারখানায় গ্যাস বিস্ফোরণে নিহত হয়েছেন শাহিন।

শনিবার (৩ অক্টোবর) ইরাক থেকে শাহিনের মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছালে তাঁর পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ।

নিহত শাহিন শেখ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণ বাড়ী বাগমারা এলাকার সদর আলী শেখের বড় ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পরিবারের ধারদেনা করে শাহিনকে ইরাকে পাঠানো হয়। সেখানে একটি রড কারখানায় রড কাটার কাজ করতেন তিনি। শনিবার অন্য এক প্রবাসীর মাধ্যমে পরিবার জানতে পারে, শাহিন যে কারখানায় কাজ করতেন সেখানে গ্যাস বিস্ফোরণ হয়েছে। এতে তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে পরিবারকে জানানো হয়।

শাহিনের মরদেহের অবস্থা অত্যন্ত ভয়াবহ বলে জানিয়েছেন স্বজনরা। তাঁদের দাবি, বিস্ফোরণে তাঁর শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। মরদেহের বিভিন্ন অংশ পলিথিনের সাতটি প্যাকেটে রাখা হয়েছে বলেও তাঁরা জানতে পেরেছেন।

নিহতের ছোট ভাই বলেন, ‘অনেক টাকা ঋণ করে আমরা ভাইকে বিদেশে পাঠিয়েছিলাম। সেই ঋণের টাকাও এখনো শোধ হয়নি। এর মধ্যেই ভাই আমাদের ছেড়ে চলে গেল। আমাদের পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে গেল।’

নিহতের বড় বোন সাজেদা বেগম বলেন, ‘আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমাদের মানুষ করেছেন। অনেক আশা নিয়ে ভাইকে বিদেশে পাঠিয়েছিলেন। ভেবেছিলেন, ভাই বিদেশে গিয়ে ভালো আয় করবে, পরিবারের একটু সুখ ফিরবে। কিন্তু আজ আমাদের ভাইটাই আর নেই। বিদেশ থেকে বলছে, বিস্ফোরণে ভাই মারা গেছে। তাঁর শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে।’

ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন শাহিনের মা সর্ণা বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘রাতে আমার ছেলের সঙ্গে কথা হয়েছে। আমাদের খোঁজখবর নিয়েছে। সকালে ওর বাবার সঙ্গে কথা বলবে বলে ডিউটিতে চলে যায়। আর সকালে এমন খবর শুনতে হলো। ছেলেকে নিয়ে আমার অনেক আশা ছিল। সব শেষ হয়ে গেল, আমার আর কিছুই থাকল না।’

শাহিনের আকস্মিক মৃত্যুতে পরিবারটির পাশাপাশি পুরো দক্ষিণ বাড়ী বাগমারা এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪