স্টাফ রিপোর্টার: দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ‘স্বপ্ন’ এর গ্রাহক ডেটাবেজ হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হ্যাকাররা প্রতিষ্ঠানটির কাছে ১৫ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮ কোটি টাকা) দাবি করেছে।
ঘটনাটি প্রায় তিন মাস আগে ঘটে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের নাম, ফোন নম্বর ও কেনাকাটার বিস্তারিত তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির জানিয়েছেন, হ্যাকাররা ডিসেম্বরে স্বপ্ন’র ডেটাবেজ নিয়ন্ত্রণে নেয়। পুনরায় অ্যাক্সেস পেতে হ্যাকাররা তাদের কাছে অর্থের দাবিও তুলেছে। তিনি বলেন, আমরা হ্যাকারদের সঙ্গে কোনো অনৈতিক লেনদেন করতে চাই না। এ কারণে তারা আমাদের হুমকি দিতে শুরু করেছে।
স্বপ্ন’র ৬৩ জেলায় ৮১২টি আউটলেট রয়েছে এবং প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি। হ্যাক হওয়া ডেটাবেজে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর এবং কেনাকাটার বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। তবে ঠিক কতজন গ্রাহকের তথ্য ঝুঁকির মুখে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে বলা যায়নি।
সাব্বির হাসান নাসির আরও জানান, স্বপ্ন দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ এবং পুলিশের সিটিটিসি ইউনিটের সঙ্গে কাজ করছে। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি সিস্টেম সুরক্ষিত করার ব্যবস্থা নিয়েছে।
ঢাকার গুলশান এলাকার এক গ্রাহক জানিয়েছেন, ফাঁস হওয়া ডেটাবেজে আমার স্ত্রীর ফোন নম্বর দিয়ে সব তথ্য দেখা যাচ্ছিল। নাম, কেনাকাটার বিস্তারিত সবই সহজে পাওয়া যাচ্ছিল। এতে আরও লাখো গ্রাহকের তথ্য ঝুঁকিপূর্ণ।
হ্যাকিং শনাক্ত হওয়ার বিষয়টি প্রতিষ্ঠানটি সাম্প্রতিক সময়ে নিশ্চিত করেছে। স্বপ্ন অভিযোগ করছে, হ্যাকাররা তাদের অনৈতিকভাবে প্রভাবিত করতে চেয়েছে, তবে প্রতিষ্ঠান এটি মানতে নারাজ।
রিপোর্টার্স২৪/এসসি