টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসে বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম ওরফে শফি (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (৯ মে) দুপুরে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের এলেঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুর রহমান।
আটক শফিকুল ইসলাম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকরি গ্রামের আনছের আলীর ছেলে। তিনি ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেস পরিবহনের একজন যাত্রী ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহজনক আচরণের কারণে ঢাকা এক্সপ্রেস বাসে থাকা শফিকুল ইসলামকে তল্লাশি করা হয়। পরে তার দেহে থাকা দুটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেট থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শফিকুল ইসলাম স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে যাত্রীবেশে বিভিন্ন এলাকায় মাদক পরিবহন করে আসছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি