স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান স্থগিত করা হয়েছে। পুলিশ সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে পদকপ্রাপ্তদের এ সম্মাননা তুলে দেওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।
পুলিশের সাহসিকতা, কর্মদক্ষতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সাধারণত এ পদক দেওয়া হয়ে থাকে। প্রতি বছর বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য নির্বাচিত কর্মকর্তাদের এ সম্মাননা প্রদান করা হয়।
এবার পদক প্রদান স্থগিত হওয়ায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।