| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঐক্যবদ্ধভাবে কাজ করাই ঈদের প্রকৃত আনন্দ:স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২১, ২০২৬ ইং | ১৫:৪২:০৩:অপরাহ্ন  |  ৪৩৮৮৩১ বার পঠিত
ঐক্যবদ্ধভাবে কাজ করাই ঈদের প্রকৃত আনন্দ:স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন পরিবেশে দেশবাসীর উদ্দেশে ঐক্য ও অগ্রগতির বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঐক্যবদ্ধভাবে কাজ করেই দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব এটাই হোক ঈদের দিনের প্রকৃত আনন্দ।

শনিবার (২১ মার্চ) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে উপজেলা মাঠ পরিদর্শন করে দ্রুত সংস্কারের নির্দেশ দেন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, এই পবিত্র দিনে দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত। একইসঙ্গে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ডিজিটাল প্রতারণা বা ‘ফ্রড’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি এখন আর কোনো একক দেশের সমস্যা নয়; বরং আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়া এক বড় চ্যালেঞ্জ। প্রযুক্তির প্রসারের ফলে অপরাধীরা বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তুলছে, যা দমন করতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি।

তিনি জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে আয়োজিত ‘গ্লোবাল সামিট অন ফ্রড’এ এই বিষয়ে বৈশ্বিক কৌশল ও সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। এই ধরনের সীমান্তহীন অপরাধ দমনে সম্মিলিত আন্তর্জাতিক পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ ও চলমান ইস্যু। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো আরও সক্রিয় ভূমিকা পালন করবে এবং একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসবে।

ঈদের আনুষ্ঠানিকতা শেষে সকাল ১০টার দিকে তিনি মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে গিয়ে তার প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এর আগে সকাল থেকেই তার বাসভবন ‘সাঈদ ম্যানশন’এ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ঈদের দিনে তার এই বার্তা আবারও মনে করিয়ে দিল উন্নয়নের পথে এগোতে হলে সবচেয়ে বড় শক্তি হচ্ছে জাতীয় ঐক্য।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪