ইন্টারন্যাশনাল ডেস্ক: হজ ও ওমরাহযাত্রীদের জন্য ১১টি ভাষায় ২৪ ঘণ্টা সেবা দিতে একটি সমন্বিত হটলাইন নম্বর চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে। সৌদি মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, এখন থেকে ১৯৬৬ নম্বরে কল করে যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন হজযাত্রীরা।
এই সেবার মাধ্যমে হাজিরা তথ্য জানতে, সহায়তা চাইতে এবং সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। দ্রুত সাড়া ও বিভিন্ন সমস্যার কার্যকর সমাধানের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যা সেবার মান আরও উন্নত করবে।
এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে প্রশিক্ষিত কর্মীরা একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে কল ও অভিযোগ পরিচালনা করবেন। উন্নত কল ম্যানেজমেন্ট প্রযুক্তির সহায়তায় প্রশ্নের সঠিক ও দ্রুত উত্তর দেওয়া সম্ভব হবে।
মন্ত্রণালয় আরও জানায়, অনুসন্ধান ও অভিযোগগুলো যোগ্য কর্মীরা নিয়মিত পর্যবেক্ষণ করবেন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সমাধান করবেন।
এই ইউনিফায়েড কন্টাক্ট সেন্টার আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামোর ওপর পরিচালিত হচ্ছে। যা কর্মদক্ষতা বৃদ্ধি, দক্ষতা অনুযায়ী কল বণ্টন, দ্রুত ও নির্ভুল সেবা প্রদান এবং হাজিদের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করবে।
সূত্র: গালফ নিউজ
রিপোর্টার্স২৪/ এম এইচ