| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় হরমুজ প্রণালি থেকে ফিরে গেল বাংলাদেশি জাহাজ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১৫:১৭:৫৮:অপরাহ্ন  |  ৪৮৩০১৪ বার পঠিত
ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় হরমুজ প্রণালি থেকে ফিরে গেল বাংলাদেশি জাহাজ
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় হরমুজ প্রণালি অতিক্রম করতে না পেরে আবার পারস্য উপসাগরে ফিরে গেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।

বিএসসি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর জাহাজটি হরমুজ প্রণালী এলাকায় আটকা পড়ে। গত বৃহস্পতিবার বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে জাহাজটি প্রণালি অতিক্রমের চেষ্টা করলেও নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হয়নি।

বৈশ্বিক জাহাজ ট্র্যাকিং প্রতিষ্ঠান মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের পারস্য উপসাগরীয় উপকূলের কাছে শারজাহ উপকূলের বহির্নোঙর এলাকায় অবস্থান করছে।

বিএসসি সূত্র আরও জানায়, জাহাজটি ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর বন্দরে পৌঁছায়। সেখানে পণ্য খালাস শেষ হয় ১১ মার্চ।

এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। সে অনুযায়ী জাহাজটি হরমুজ প্রণালি হয়ে বাংলাদেশের দিকে যাত্রা শুরু করে।

সূত্র জানায়, ১২ মার্চ জাহাজটি প্রণালির প্রবেশমুখ থেকে প্রায় ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার খবর পান নাবিকরা। একই সময় সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ডও নিরাপত্তাজনিত কারণে প্রণালি অতিক্রম না করে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর জাহাজটি ফিরে গিয়ে পারস্য উপসাগরে অবস্থান নেয়।

এর আগে জাহাজটি যেন নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দেয় বিএসসি।

এ বিষয়ে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক বলেন, ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে শারজা উপকূলে নোঙর করে রয়েছে এবং এখনো হরমুজ অঞ্চলের মধ্যেই আছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী যাত্রায় কাতার থেকে নতুন করে পণ্য বোঝাই করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪