রিপোর্টার্স২৪ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী রবিবার (১৫ মার্চ) সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। এটি ঘোষণা করেছেন নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ওইদিন বেলা ১১টায় দ্বিতীয় কার্যদিবস শুরু হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় অধিবেশন শুরু হয়। শুরুতে ড. খন্দকার মোশাররফ হোসেন-এর সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সমর্থিত হয়। ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। নির্বাচনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।
প্রথম অধিবেশনের উদ্বোধনী ভাষণ দেন প্রধানমন্ত্রী। এরপর সংসদে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিগত সময়ে মৃত্যুবরণকারী সংসদ সদস্য ও জাতীয় নেতাদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে ভাষণ শুরু করলে বিরোধী দলীয় সংসদ সদস্যরা তাকে ‘জুলাইয়ের গাদ্দার’ আখ্যায়িত করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।
রিপোর্টার্স২৪/এসসি