রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই হত্যাযজ্ঞের মামলার সঙ্গে জড়িত এবং ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগের বিষয়ে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যক্রম আজ (১১ মার্চ) থেকে শুরু হয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য সাংবাদিকদের জানান।
এর আগে মঙ্গলবার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে খালাসের বিনিময়ে এক কোটি টাকা চাওয়ার অভিযোগ তদন্তের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির নেতৃত্বে রয়েছেন চিফ প্রসিকিউটর নিজেই। অন্য সদস্যরা হলেন, প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল’রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।
প্রসিকিউশন জানায়, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশনের সার্বিক বিষয়গুলো অনুসন্ধান করতে গঠন করা হয়েছে এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। সদ্য পদত্যাগ করা প্রসিকিউটরের ঘুষ চাওয়ার বিষয়ও এ কমিটির তদন্তের মধ্যে থাকবে।
চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, এটি একটি গুরুতর অভিযোগ। আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা উচিত ছিল না। যখন এমন অভিযোগ আসে, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া উচিত। আমরা জানি কেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে আনুষ্ঠানিক অভিযোগ এলে অভ্যন্তরীণ তদন্ত করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম