স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সামনে ত্রাণ তহবিলের স্বচ্ছতা নিয়ে হট্টগোল সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীতে ঈদুল ফিতরের কর্মসূচি ঘোষণা-সংক্রান্ত এক সংবাদ সম্মেলনের পর এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলন শেষে আসিফ মাহমুদ সভাস্থল ত্যাগ করতে গেলে একজন ব্যক্তি সরাসরি তার কাছে বন্যার ত্রাণ তহবিলের হিসাব জানতে চান। তিনি জানতে চান, বন্যার সময় জনগণ যে অর্থ দিয়েছে, তা কোথায় খরচ হয়েছে এবং হিসাব দেখতে পাওয়া যাচ্ছে কি না। এই প্রশ্নে উপস্থিত এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দু’পক্ষের মধ্যে কিছুক্ষণ হট্টগোল সৃষ্টি হয়।
ঘটনাস্থলে ওই ব্যক্তি সাংবাদিকদের কাছে নিজেকে ‘জুলাই অভ্যুত্থানের যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বন্যার ত্রাণের টাকা কোথায় গেল, তা জানার অধিকার কি আমার নেই? উনি কোটি টাকার গাড়িতে চড়েন, এই অর্থের উৎস কী? পাশাপাশি তিনি জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের প্রতি অবহেলার অভিযোগও তোলেন।
ভিডিওতে দেখা যায়, আসিফ মাহমুদ প্রশ্নের কোনো সরাসরি উত্তর দেননি, তবে এনসিপি নেতাকর্মীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। এ ধরনের প্রকাশ্য হট্টগোল সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক নেতাদের ত্রাণ তহবিলের স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে।
সাম্প্রতিক সময়ে দেশজুড়ে রাজনৈতিক কর্মসূচি ও ত্রাণ তহবিল সংক্রান্ত বিষয়গুলোকে কেন্দ্র করে এই ধরনের উত্তেজনার ঘটনা আরও লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক নেতাদের কাছে জনগণের আস্থা এবং ত্রাণ কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা সময়োপযোগী এবং জরুরি বিষয়।
রিপোর্টার্স২৪/বাবি