| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দায়িত্বের এক মাসের মধ্যে নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করেছে সরকার: আমীর খসরু

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৩:৪২:৪৬:অপরাহ্ন  |  ৫৩৫৮৮৮ বার পঠিত
দায়িত্বের এক মাসের মধ্যে নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করেছে সরকার: আমীর খসরু

রিপোর্টার্স২৪ ডেস্ক: অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি। সরকারি কর্মকর্তারা স্বাধীনভাবে হতদরিদ্র পরিবারগুলোকে বেছে নিয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করেছেন। সরকার দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যে এই নির্বাচনী ওয়াদা কার্যকর করে দেখিয়েছে যে নেতৃত্ব থাকলে সবকিছু সম্ভব।

মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় মাঠে নগরীর ৪১টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের নারীরা দিনরাত পরিবারের সব দায়িত্ব পালন করলেও তাদের এই সেবার মূল্যায়ন আগে হয়নি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারগুলোকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে। প্রতিটি নারী প্রধানের একাউন্টে সরাসরি মাসিক ২,৫০০ টাকা পৌঁছে যাচ্ছে, যা তাদের হাতে একটি অর্থনৈতিক শক্তি তৈরি করবে।

তিনি উল্লেখ করেন, সীমিত সক্ষমতার মধ্যেও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার এই উদ্যোগ নিয়েছে। ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ড হিসেবে ব্যবহার করা হবে, এবং ভবিষ্যতে জাতীয় সব সুযোগ-সুবিধা এই কার্ডের মাধ্যমে প্রদান করা হবে। পাশাপাশি কৃষকদের কল্যাণে ১২ হাজার কোটি টাকার ঋণ মওকুফ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং কৃষি কার্ডের মতো জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। প্রথম পর্যায়ে চট্টগ্রাম নগরীর ৫ হাজার ৫৭৫ জন নারী প্রধানের হাতে এই কার্ড বিতরণ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪