স্টাফ রিপোর্টার: শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট থেকে এ অনুদান প্রদান করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ মার্চ ২০২৬ থেকে ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে অনুদানের জন্য আবেদন করা যাবে। আবেদন করতে হবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্ধারিত ওয়েবসাইটে।
নীতিমালা অনুযায়ী স্বীকৃতিপ্রাপ্ত সরকারি ও বেসরকারি কারিগরি এবং মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন উন্নয়নমূলক কাজে এ অনুদানের জন্য আবেদন করতে পারবে। এর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার, প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয়, খেলাধুলার সরঞ্জাম সংগ্রহ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ তৈরি এবং পাঠাগারের উন্নয়ন।
এ ছাড়া শিক্ষক ও কর্মচারীরা জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা কিংবা দুর্ঘটনার ক্ষেত্রে আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থীরাও চিকিৎসা ব্যয়, দুর্ঘটনা কিংবা শিক্ষাব্যয় নির্বাহের জন্য এ অনুদানের আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে প্রতিবন্ধী, দরিদ্র, মেধাবী ও অনগ্রসর শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদনগুলো জেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষে ১৫ মে ২০২৬-এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হবে। অনুমোদন পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে অনুদানের অর্থ সরাসরি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পাঠানো হবে। আর শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’-এর মাধ্যমে অর্থ প্রদান করা হবে।
এ সংক্রান্ত বিস্তারিত নীতিমালা ও আবেদন পদ্ধতি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
রিপোর্টার্স২৪/বাবি