রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সমাজের একটি রাজনৈতিক গোষ্ঠী এখনো নারীদের খাটো করে দেখে এবং তাদের ঘরে আবদ্ধ রাখার মানসিকতা পোষণ করে।
সোমবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর এলজিইডি ভবন-এ আন্তর্জাতিক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত “শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা ২০২৬” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে Local Government Engineering Department (এলজিইডি)।
মন্ত্রী বলেন, পরিবর্তিত এক রাজনৈতিক বাস্তবতায় জনগণের কল্যাণে কাজ করার জন্য ম্যান্ডেট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিনি উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সংস্কার ও উন্নয়নের পরিকল্পনার কথা বলেছেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, একটি বিধ্বস্ত রাষ্ট্র এবং ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তার আশা, খুব শিগগিরই দেশের অর্থনীতি ও সামগ্রিক পরিস্থিতি ইতিবাচকভাবে ঘুরে দাঁড়াবে।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৯ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম