স্টাফ রিপোর্টার: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মুচকি হেসে বলেন, “চলেন যুদ্ধে যাই।” এমন মন্তব্য করে সবার মধ্যে মুহূর্তের জন্য বিস্ময় সৃষ্টি করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এই তিন শব্দের মন্তব্য শুনে সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা প্রথমে কিছুটা হতভম্ব হয়ে পড়েন। তবে পরক্ষণেই তারা বুঝতে পারেন, প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার দৈনন্দিন দায়িত্ব ও চ্যালেঞ্জকেই ‘যুদ্ধ’ হিসেবে ইঙ্গিত করেছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রতিদিনের মতোই সকাল ৮টা ৪২ মিনিটে তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। বাসভবন থেকে বের হওয়ার সময় ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা তার জন্য প্রস্তুত ছিলেন। ঠিক সেই মুহূর্তেই দরজা খুলে হাসিমুখে উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, “চলেন যুদ্ধে যাই।”
তিনি আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। দিনের কর্মসূচিতে তার একাধিক বৈঠক রয়েছে।
আজকের নির্ধারিত সূচি অনুযায়ী শিক্ষামন্ত্রী এ এন এম এহসানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান
আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়াও দিনের মধ্যে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে অনেকেই রাষ্ট্র পরিচালনায় প্রতিদিনের সংগ্রাম ও দায়িত্ব পালনের প্রতীকী বার্তা হিসেবে দেখছেন।
রিপোর্টার্স২৪/এসসি