আন্তর্জাতিক ডেস্ক: ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্ফোরণের ঘটনায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে চলমান পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে চলমান হামলার কারণে তাদের মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রিয়াদ, জেদ্দা, দাম্মামসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট আপাতত বন্ধ রয়েছে। বিকেল পর্যন্ত ইউএস-বাংলার মধ্যপ্রাচ্য রুটে চলাচলরত কোনো এয়ারক্রাফট আকাশে ছিল না; সবগুলো নিজ নিজ বিমানবন্দরে অবস্থান করছে।
উত্তেজনাপূর্ণ আঞ্চলিক পরিস্থিতির কারণে যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি