| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষেধ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৮, ২০২৬ ইং | ১০:৪২:৩৬:পূর্বাহ্ন  |  ৫৯৮৮১৫ বার পঠিত
পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষেধ

স্টাফ রিপোর্টার: ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে চাঁদপুরের পদ্মা–মেঘনা নদীতে দুই মাসের জন্য সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

নিষেধাজ্ঞা চলাকালে মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণের অংশ হিসেবে মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদীপথকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ এলাকায় নিবন্ধিত প্রায় ৪৭ হাজার জেলে মাছ ধরা থেকে বিরত থাকবেন।

নিষেধাজ্ঞার সময় জীবিকা সংকটে পড়া জেলেদের জন্য সরকারি সহায়তার আওতায় ৩৯ হাজার ৪০০ জেলেকে ভিজিএফের চাল দেওয়া হবে। তারা ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চার মাসে প্রতি মাসে ৪০ কেজি করে মোট ১২০ কেজি চাল পাবেন।

সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া মেঘনা উপকূলীয় জেলে পল্লীতে কথা হয় কয়েকজন জেলের সঙ্গে। জেলে জাহাঙ্গীর হোসেন শেখ বলেন, নিষেধাজ্ঞা এলেই তারা জাল ও নৌকা ডাঙায় তুলে রাখেন। তবে যে খাদ্য সহায়তা দেওয়া হয়, তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে।

একই এলাকার জেলে আলী আক্কাছ মাঝি জানান, মাছ ধরাই তাদের একমাত্র আয়ের উৎস। শুধু চাল দিয়ে সংসার চলে না; সন্তানের পড়াশোনা ও ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে বাড়তি আর্থিক সহায়তার প্রয়োজন হয়।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা ও উপজেলা টাস্কফোর্স কাজ করবে। জাটকা ধরা হলে অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানান, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নৌ পুলিশ টহল জোরদার রাখবে। আইন ভঙ্গ করে কেউ নদীতে নামলে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক ও জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মো. নাজমুল ইসলাম সরকার বলেন, ইলিশের স্থায়িত্বশীল উৎপাদন নিশ্চিত করতে প্রতিবছরই জাটকা সংরক্ষণ কর্মসূচি নেওয়া হয়। তিনি জাতীয় স্বার্থে জেলেদের নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪