| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া ৬ ও শেরপুর ৩-এ উপ-নির্বাচন ৯ এপ্রিল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৫:৪৭:৫০:অপরাহ্ন  |  ৬২১৭৮০ বার পঠিত
বগুড়া ৬ ও শেরপুর ৩-এ উপ-নির্বাচন ৯ এপ্রিল
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন ঈদুল ফিতরের আগেই আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নির্বাচনের তারিখ ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে আজই কমিশনের সচিব আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এবং বিস্তারিত তুলে ধরবেন।ইসি সূত্রে জানা গেছে, এই দুই আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিজয়ী হন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। পরবর্তীতে ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। এর ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

অন্যদিকে, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করে ইসি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের আরও তিনটি আসন মিলিয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা দাঁড়ায় ২১২।

অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসেছে। স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়লাভ করেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪