সিনিয়র রিপোর্টার: ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন তৎকালীন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে প্রসিকিউশন।
মঙ্গলবার(২৪ফেব্রুয়ারি) বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন জানান, সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানকসহ তৎকালীন সরকারের কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, বিস্ফোরক দ্রব্য আইনের এ মামলায় আসামির সংখ্যা প্রায় সাড়ে ৮০০। মোট ১২০০ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৩০০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকজন সাক্ষীর জবানবন্দিতে নতুন করে কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার দাবি করা হয়েছে।
মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে এবং এখনো নিষ্পত্তি হয়নি। গত ৫ আগস্টের পর এ মামলার কয়েকশ’ আসামি জামিনে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ভয়াবহ হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।
২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালত এ মামলার রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পরবর্তীতে হাইকোর্ট ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। এছাড়া ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ২৮৩ জন আসামি খালাস পান।এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/এসসি