স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতি ও সাম্প্রতিক সিদ্ধান্তকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন আয়োজন করায় প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নির্বাচনের পরদিন (১৬ ফেব্রুয়ারি) আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তারা গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ বলে উল্লেখ করে দুর্বল ব্যাংক একীভূতকরণ, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের বিষয় এবং কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন।
শোকজপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ। তাদের ১০ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে কর্মকর্তারা অভিযোগ করেন, দুর্বল এক্সিম ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংককে অন্যান্য পাঁচটি ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ প্রশ্নবিদ্ধ। ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ–২০২৫ অনুযায়ী ইতোমধ্যেই পাঁচটি ব্যাংক একীভূত করে সরকারি মালিকানায় একটি সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এছাড়া তারা বলেন, বিকাশকে দ্রুত ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হচ্ছে, যদিও কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য অনুযায়ী ওই দিন পরিচালনা পর্ষদের বৈঠক শুধুমাত্র বিকাশের লাইসেন্স দেওয়ার জন্য আহ্বান করা হয়নি।
কেন্দ্রীয় ব্যাংকের স্টাফ রেগুলেশনের ধারা অনুযায়ী, কোনো কর্মকর্তা সংবাদ সম্মেলন বা প্রকাশ্য বক্তব্য দেওয়ার আগে গভর্নরের অনুমোদন নিতে বাধ্য। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে আপত্তি থাকলে তা অভ্যন্তরীণ ফোরামে উত্থাপন করার সুযোগ রয়েছে। এই বিধি লঙ্ঘনের অভিযোগে তিন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।
সংবাদ সম্মেলনের দিন গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, নির্বাচনের পর একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, পরিচালনা পর্ষদের আলোচ্য বিষয় প্রকাশ্যে আনা শৃঙ্খলাভঙ্গের শামিল।
সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা শ্রাবণ বলেন, ব্যাংক খাতে ‘খেয়ালি বক্তব্য’ পরিহার করে বস্তুনিষ্ঠ প্রক্রিয়ায় ব্যাংক রেজল্যুশন নিশ্চিত করতে হবে। মাসুম বিল্লাহ বলেন, তারা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন চান, কোনো ব্যক্তির নয়। নওশাদ মোস্তফা বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান না ঘটলে হয়তো তারা এতটা খোলামেলা হতেন না।
রিপোর্টার্স২৪/বাবি