স্টাফ রিপোর্টার: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ও ভাতা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। আসন্ন ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
শনিবার(২১ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রীমীর শাহ আলম উপস্থিত ছিলেন।
মাহদী আমিন বলেন, নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খতিবসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সম্মানী ও ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদের আগেই প্রাথমিকভাবে কর্মসূচি শুরু করবে এবং পর্যায়ক্রমে সারাদেশে তা সম্প্রসারণ করা হবে।
সম্মানী ও ভাতার পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, শনিবার ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি বেশ কয়েকটি দিকনির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন প্রধানমন্ত্রী। সেখানে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে নীতিগত বিষয় ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি