স্টাফ রিপোর্টার: ঢাকা-৮ আসনের একটি ভোটকেন্দ্রে শাপলা প্রতীকের পোলিং এজেন্টকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সংশ্লিষ্ট এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। ভোটগ্রহণ শুরুর নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে ৭টা। অভিযোগ অনুযায়ী, ওই সময় পর্যন্ত গোলাম মোস্তফা নামে শাপলা প্রতীকের পোলিং এজেন্ট কেন্দ্রে প্রবেশ করতে পারেননি।
জানা গেছে, নাসীরুদ্দীন পাটোয়ারীর শাপলা প্রতীকের পক্ষে গোলাম মোস্তফা পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল। তার কাছে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। গোলাম মোস্তফার দাবি, ধানের শীষ প্রতীকের সমর্থকরা তাকে প্রবেশে বাধা দেন।
কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভোট শুরু হবে সকাল সাড়ে সাতটায়। আমি শাপলা প্রতীকের বৈধ পোলিং এজেন্ট। কিন্তু এখনো আমাকে ঢুকতে দেওয়া হয়নি। সময় চলে যাচ্ছে। পুলিশ থেকেও কোনো সহযোগিতা পাচ্ছি না। কেন আমাকে বাধা দেওয়া হচ্ছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও স্পষ্ট কিছু জানানো হয়নি।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোমিন বলেন, বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, “ঘটনাটি জানার চেষ্টা করছি। সুনির্দিষ্ট কারণ জানা গেলে পরে বিস্তারিত জানানো যাবে। এখনো বাইরে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখার সুযোগ হয়নি।”
পরে সেনাবাহিনীর একটি টহল দল কেন্দ্রে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তাদের উপস্থিতির পর গোলাম মোস্তফাকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।
ঘটনাটি কেন্দ্রের ভেতরে ও বাইরে উপস্থিত ভোটারদের মধ্যে সাময়িক উদ্বেগ সৃষ্টি করে। তবে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংশ্লিষ্টরা জানান, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি