| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্বিগুণেরও বেশি ভাড়া দূরপাল্লার বাসে, তবু বাড়ি ছুটছে মানুষ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ২১:১৯:৪২:অপরাহ্ন  |  ৭২৭২১৩ বার পঠিত
দ্বিগুণেরও বেশি ভাড়া দূরপাল্লার বাসে, তবু বাড়ি ছুটছে মানুষ

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন রাজধানীতে কর্মরত মানুষ। স্বাভাবিক সময়ে যেখানে রাজধানী থেকে ময়মনসিংহের বাসভাড়া ২০০ থেকে ৩০০ টাকা, সেখানে এখন ৭০০ টাকা দিয়েও গাড়ি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের।

ভাড়া দ্বিগুণেরও বেশি বেড়ে গেলেও ভোট উৎসবকে সামনে রেখে গ্রামে ফেরার আগ্রহে ভাটা পড়েনি। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও প্রধান সড়কগুলোতে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।

মহাখালী বাস টার্মিনাল থেকে গাজীপুরগামী সড়কের দুই পাশে শত শত মানুষ ঘণ্টার পর ঘণ্টা ধরে সপরিবারে দাঁড়িয়ে আছেন গাড়ির অপেক্ষায়। একই চিত্র দেখা গেছে গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালেও। কোথাও বাসের সংকট, কোথাও আবার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

ময়মনসিংহগামী যাত্রী মো. আনোয়ার বলেন, বাড়ি যাওয়ার জন্য দুই ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো গাড়িতে উঠতে পারছি না। আর গাড়ির ভেতর থেকেই সুপারভাইজার ও হেলপার হাত দেখিয়ে বলছেন ৭০০ টাকা দিতে হবে। অথচ আমার রুটে বাসভাড়া লাগে মাত্র ২০০ থেকে ২৫০ টাকা।

স্বাভাবিক সময়ের তুলনায় অনেক রুটে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে। তবুও ভোটের আগে বাড়ি পৌঁছানো এবং পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আকাঙ্ক্ষায় মানুষ সব কষ্ট সহ্য করে রওয়ানা দিচ্ছেন। বহুদিন পর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ মিলবে এমন আশাই মানুষকে ঘরমুখো করছে বলে মনে করছেন যাত্রীরা।

সৌখিন পরিবহনের সুপারভাইজার মামুন সরদার বলেন, ভোটের কারণে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত থেকেই যাত্রীর চাপ বেড়েছে। তবে গাড়ির সংখ্যা তুলনামূলক কম থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।

এদিকে সকাল থেকেই রাজধানীর ব্যস্ততম সড়কগুলো ফাঁকা হতে শুরু করেছে। ফাঁকা রাস্তা দেখে মনে হচ্ছে যেন ঈদের ছুটির আমেজ নেমে এসেছে নগরীতে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪