রিপোর্টার্স২৪ ডেস্ক: চব্বিশের জুলাই–আগস্টে কারফিউ জারি ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করছে বিচারিক কার্যক্রম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। একইসঙ্গে শুরু হবে সাক্ষ্যগ্রহণ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ এই কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ এ মামলার শুনানি গ্রহণ করবে। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
বর্তমানে গ্রেপ্তার থাকা দুই আসামিকে সকালেই কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। তাদের উপস্থিতিতেই প্রসিকিউশন মামলার ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপন করবে। এরপর মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এগিয়ে যাবে।
এর আগে গত ১২ জানুয়ারি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আজকের দিনটি সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারণ করা হয়। অভিযোগ গঠনের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, জুলাই আগস্টের আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই দুই নেতা। আন্দোলনের চরম পর্যায়ে ১৯ জুলাই তাদের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয় এবং সেই আলোচনার ধারাবাহিকতায় দমন-পীড়নের কৌশল নির্ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এসব সিদ্ধান্ত ও প্ররোচনার ফলেই সারাদেশে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হন, অথচ সহিংসতা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ২৩ জুলাই মিরপুরে হত্যাকাণ্ড, ২৮ জুলাই মিরপুর-১০ এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার, ৪ আগস্ট মিরপুর-১ এলাকায় ১২ জনের প্রাণহানি এবং ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে কেন্দ্র করে মিরপুর-২, ১০ ও ১৩ নম্বর এলাকায় ১৬ জন নিহত হওয়ার ঘটনাগুলো সরাসরি তাদের পরিকল্পনা ও নির্দেশনার ফল।
গত বছরের ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব অভিযোগ আমলে নেয়। ওই দিনই প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে। বর্তমানে বিভিন্ন মামলায় কারাবন্দি রয়েছেন এক সময়ের প্রভাবশালী এই দুই রাজনৈতিক ব্যক্তিত্ব।
রিপোর্টার্স২৪/ঝুম