মেহেরপুর প্রতিনিধি: শখের বশে মাত্র ১০ কাঠা জমিতে মালটা ও কমলালেবুর চারা রোপণ করেছিলেন নুরুজ্জামান রুবেল। উদ্দেশ্য ছিল বাজারের রাসায়নিকযুক্ত ফলের পরিবর্তে নিজের বাগানের তাজা ও নিরাপদ ফল খাওয়া। ছয় বছর আগে শুরু হওয়া সেই শখ এখন পরিণত হয়েছে বাণিজ্যিক উদ্যোগে। মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামের এই যুবক বর্তমানে ১৩ বিঘা জমিতে গড়ে তুলেছেন মালটা ও কমলালেবুর বাগান। বাগানে ফলন হচ্ছে চায়না, দার্জিলিং
মেন্ডারিং জাতের কমলা এবং মালটার। ফল বিক্রির পাশাপাশি চারা উৎপাদন ও বিক্রি করেও আয় করছেন তিনি। তাঁর সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেকেই ঝুঁকছেন কমলা ও মালটা চাষে।
সরেজমিনে কসবা গ্রামে রুবেলের বাগানে গিয়ে দেখা যায়, সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে লালচে, সবুজ ও হলুদ রঙের মালটা-কমলা। কোনো গাছে থোকায় থোকায় ফল, আবার কোনো গাছের ডাল ফলের ভারে নুয়ে পড়েছে। সবুজের মাঝে রঙিন ফলের সমারোহে পুরো বাগানজুড়ে তৈরি হয়েছে মনোরম দৃশ্য। গাছ থেকে পাকা ফল সংগ্রহ করছেন শ্রমিকেরা। বাগানে ঘুরে ঘুরে ফল দেখছেন দর্শনার্থীরা, আবার কেউ কেউ কিনে নিচ্ছেন পছন্দের ফল। একসময় যে জমিতে পরিবারের জন্য কয়েকটি গাছ লাগানো হয়েছিল, আজ সেখানে বিস্তৃত ফলের বাগান।
রুবেল জানান, প্রায় ছয় বছর আগে চুয়াডাঙ্গার লক্ষীপুরে ও আলমডাঙ্গায় কমলা ও মালটার বাগান দেখে নিজেও বাগান করার সিদ্ধান্ত নেন। পরে কমলা এবং মালটার চারা সংগ্রহ করে ১০ কাঠা জমিতে ৭০টি গাছ লাগিয়ে চাষ শুরু করেন। গাছে ভালো ফলন এবং বাজারে চাহিদা ও লাভের সম্ভাবনা দেখে বাগান সম্প্রসারণ করেন। ধীরে ধীরে জমির পরিমাণ বাড়িয়ে বর্তমানে ১৪ বিঘায় বাগান গড়ে তুলেছেন।
ইতোমধ্যে ১০ লক্ষ টাকার মালটা ও কমলা বিক্রি করেছেন। বর্তমানে গাছে যে ফল আছে তাতে আরও ১০ লক্ষ টাকার বিক্রি হবে বলে আশা করছেন। মেহেরপুরের পাশাপাশি বিভিন্ন এলাকায় ও ঢাকায় পাঠানো হচ্ছে বাগানের ফল। পাশাপাশি উন্নত জাতের মালটা ও কমলালেবুর চারা তৈরী করে বিক্রি করছেন। তাঁর কাছ থেকে চারা সংগ্রহ করে অনেকেই নতুন বাগান করার উদ্যোগ নিয়েছেন।
বাগান দেখতে আসা দর্শনার্থীরাও এমন ফলন দেখে বিস্মিত। আলামিন বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহাওয়া চায়না কমলা ও মালটা চাষের জন্য খুব একটা অনুকূল নয় বলে ধারণা ছিল। কিন্তু রুবেলের বাগানে প্রতিটি গাছে কমলার ফলন দেখে সেই ধারণা পাল্টে গেছে। এমন ফলন দেখে সত্যিই অভিভূত হয়েছি।
আরেক দর্শনার্থী বকুল বলেন, আগে দুই একটি মালটা ও কমলার গাছ বাড়ির উঠানে বা ছাদে দেখা হলেও কখনো সরাসরি কমলা ও মালটার বাগান দেখা হয়নি। আজ গাছে গাছে ঝুলন্ত কমলা ও মালটা দেখে খুব ভালো লাগছে। বাগানের কমলা ও মালটা খেয়েছি, বেশ মিষ্টি ও রসালো। নিজের দেশের মাটিতে উৎপাদিত ফলের স্বাদ নেওয়ার অভিজ্ঞতা অন্যরকম।
আব্দুল্লাহ আল মামুন বলেন, রুবেলের দেখাদেখি কসবা গ্রামসহ আশপাশের এলাকায় প্রায় শত বিঘা জমিতে নতুন করে মালটা ও কমলালেবুর বাগান গড়ে তোলার কার্যক্রম শুরু হয়েছে। আমি নিজেও ১১ বিঘা মালটা ও কমলার গাছ লাগিয়েছি। একসময় যে এলাকায় এ ধরনের ফলের বাগান ছিল হাতে গোনা, সেখানে এখন বাড়ছে চাষের আগ্রহ। এতে স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।
তাঁর মতে, কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হলে আরও অনেক কৃষক কমলা চাষে আগ্রহী হবেন। পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে এ অঞ্চলে বাণিজ্যিকভাবে কমলা ও মালটা উৎপাদনের বড় সম্ভাবনা রয়েছে।
মেহেরপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কাজী শাহ নেওয়াজ বলেন, মেহেরপুরে মালটা ও কমলা দেড়শ হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে। কিছু প্রগতিশীল চাষী এ ধরনের চাষ করে থাকেন। তাদের তাদের সঠিক চারা নির্বাচন এবং রোগ বালাই প্রতিরোধে নানা ধরনের পরামর্শ ও সহযোগিতায় সব সময় তাদের পাশে রয়েছে কৃষি বিভাগ।
মাত্র ১০ কাঠা জমিতে শখের বশে শুরু করা একটি উদ্যোগ আজ ১৪ বিঘার বাগানে রূপ নিয়েছে। নিজের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি রুবেল ছড়িয়ে দিচ্ছেন নতুন কৃষি উদ্যোগের স্বপ্ন। তাঁর বাগান প্রমাণ করছে, সঠিক পরিকল্পনা, পরিশ্রম ও উদ্যোগ থাকলে মেহেরপুরের মাটিতেও সম্ভব মালটা ও কমলার বাণিজ্যিক চাষ।
রিপোর্টার্স২৪/ঝুম