| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৬ ইং | ১৩:২৮:২৭:অপরাহ্ন  |  ৪১৮ বার পঠিত
সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর বাজারে সবজির দামে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত। এতে বাড়তি চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। তবে সবজির বাজারে অস্থিরতা থাকলেও মুরগির দাম রয়েছে গত সপ্তাহের পর্যায়েই। মাছ, মাংস ও ডিমের বাজারেও খুব একটা স্বস্তি নেই।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, গত দুই সপ্তাহ ধরে সবজির সরবরাহ কম থাকায় বাজারে দাম বাড়ছে। বিশেষ করে শিম ও নতুন আলুর দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। বর্তমানে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকায়। অথচ গত সপ্তাহেও এই শিমের দাম ছিল ৭০ থেকে ১০০ টাকা। নতুন আলুর দামও বেড়ে প্রতি কেজি ১২০ টাকা হয়েছে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৮০ থেকে ৯০ টাকায়।

এ ছাড়া প্রতি কেজি মুলা ৫০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা, বড় আকারের ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা এবং ছোট আকারের বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে।

পটল, ঢেঁড়স ও চিচিঙ্গার দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে ৬০ থেকে ৮০ টাকায় পৌঁছেছে। বেগুনের দাম আরও বেশি। বাজারভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৪০ টাকায়।

তবে কিছু সবজির দাম কমতেও দেখা গেছে। কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকা কমে ৫০ থেকে ৮০ টাকায় নেমেছে। জলপাইয়ের দাম কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। অন্যদিকে টমেটো প্রতি কেজি ১২০ থেকে ১৬০ টাকা, ভারতীয় গাজর ১২০ থেকে ১৩০ টাকা এবং দেশি গাজর ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নিত্যপ্রয়োজনীয় সবজির মধ্যে পেঁপে প্রতি কেজি ২০ টাকা, আলু ২৫ থেকে ৩০ টাকা এবং পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া কচুর লতি ৮০ টাকা, কচুরমুখি ৫০ থেকে ৬০ টাকা, শসা ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে লেবুর দামও ক্রেতাদের নজর কাড়ছে। এক হালি লেবু বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০ টাকায়। দেশি ধনেপাতা প্রতি কেজি ৩০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি হালি কাঁচকলা ৪০ টাকা, চালকুমড়া ৫০ থেকে ৬০ টাকা পিস এবং ক্যাপসিকাম ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শাকের বাজারেও ঊর্ধ্বমুখী দাম

শুধু সবজি নয়, বাজারে প্রায় সব ধরনের শাকের দামও বেড়েছে। বর্তমানে প্রতি আঁটি লাল শাক বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। লাউ শাক ৪০ থেকে ৫০ টাকা আঁটি, দুই আঁটি কলমি শাক ৩০ টাকা, পুঁই শাক ৪০ টাকা, দুই আঁটি পালং শাক ৫০ টাকা এবং দুই আঁটি ডাটা শাক ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগির দাম অপরিবর্তিত, মাছের বাজারে চড়া দর

সবজির বাজারে দাম বাড়লেও রাজধানীর বাজারগুলোতে গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে মুরগি। বর্তমানে সোনালি কক মুরগি প্রতি কেজি ৩০০ থেকে ৩১০ টাকা, সোনালি হাইব্রিড ২৮০ টাকা, লাল লেয়ার ৩০০ টাকা, ব্রয়লার ১৭০ টাকা এবং দেশি মুরগি ৬২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে মাছের বাজারে চড়া দাম অব্যাহত রয়েছে। এক কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা কেজি দরে। আর ৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রতি কেজি ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা।

এ ছাড়া আকারভেদে চাষের শিং মাছ ৩০০ থেকে ৫০০ টাকা, দেশি শিং ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, রুই ৩৫০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চাষের পাঙ্গাস প্রতি কেজি ১৮০ থেকে ২২০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, কাতল ৩৫০ থেকে ৪৫০ টাকা, পোয়া ৪০০ থেকে ৪৫০ টাকা এবং পাবদা ৪০০ থেকে ৪৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া তেলাপিয়া প্রতি কেজি ২২০ থেকে ২৪০ টাকা, কই ২২০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৪০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা এবং পাঁচমিশালি মাছ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গরু-খাসির মাংস ও ডিমের দামেও স্বস্তি নেই

রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। অন্যদিকে খাসির মাংসের দাম প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা।

ডিমের বাজারে প্রতি ডজন লাল মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। হাঁসের ডিমের ডজন ১৮০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

সব মিলিয়ে রাজধানীর বাজারে সবজির দাম বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। মুরগির দাম অপরিবর্তিত থাকলেও মাছ, মাংস, ডিম ও শাকসবজির বাজারে বাড়তি খরচ করতে হচ্ছে ক্রেতাদের। বিশেষ করে সীমিত আয়ের পরিবারগুলোর দৈনন্দিন বাজারের হিসাব মেলানো কঠিন হয়ে পড়ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪