কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর মধ্য দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, কালাই টেকনিক্যাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ এস এম শওগত।
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু পালন, খামারিদের প্রশিক্ষণ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের টেকসই উন্নয়নে সরকারি সেবার পাশাপাশি খামারিদের সচেতনতা, দক্ষতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত পশু ও প্রাণিসম্পদসংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ ঘুরে দেখেন।
রিপোর্টার্স২৪/ঝুম