রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ-চীনের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতার ধারাবাহিকতায় দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও নতুন উচ্চতায় উন্নীত হয়েছে বলে মন্তব্য করেছেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। একইসঙ্গে দুদেশের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বেইজিংয়ের একটি হোটেলে বাংলাদেশ দূতাবাস এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নেভির ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল ওয়াং শিয়ানজং। এ সময় পিএলএর আরও ছয়জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বেইজিংয়ে নিযুক্ত কূটনীতিক, প্রতিরক্ষা উপদেষ্টা, চীনে প্রশিক্ষণরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শাহরিয়ার সাব্বির আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান। বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
স্বাগত বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন।
রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার কথা উল্লেখ করে দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে প্রধান অতিথি, বাংলাদেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টা কেক কেটে উদযাপন অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আলোকচিত্র পর্ব অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স২৪/ঝুম