| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৬ ইং | ১২:২৪:১২:অপরাহ্ন  |  ৬৯৯ বার পঠিত
পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

পঞ্চগড় প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, কালীপূজা-দীপাবলি এবং ছটপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশনে তিন দফায় মোট ১২ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর প্রভাবে বাংলাদেশের পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়েও ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় পণ্য পারাপার সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে এই সময়ে বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।

ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গত ৬ অক্টোবরের এক দাপ্তরিক চিঠিতে ছুটির এই নির্দিষ্ট সময়সূচি জানানো হয়েছে।

চিঠির সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত ৩ দিন এবং ছটপূজা উপলক্ষে ১৫ ও ১৬ নভেম্বর পর্যন্ত ২ দিন বাংলাবান্ধা-ফুলবাড়ী রুটে আমদানি-রপ্তানি পুরোপুরি স্থগিত থাকবে। প্রতিটি পর্বের ছুটি শেষে যথাক্রমে ২৫ অক্টোবর, ১১ নভেম্বর এবং ১৭ নভেম্বর থেকে পুনরায় নিয়মিত কার্যক্রম চালু হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন এবং সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম জানান, ভারতের ফুলবাড়ী শুল্ক স্টেশনে উৎসবকালীন ছুটি ঘোষণার প্রেক্ষিতে বাংলাবান্ধা স্থলবন্দরেও বাণিজ্যিক লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হবে। ভারতের ব্যবসায়ী সমিতি ইতোমধ্যে ছুটির বিষয়টি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ এ বিষয়ে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বাণিজ্য বন্ধ থাকলেও সাধারণ যাত্রীদের যাতায়াতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফাতুল্লা ওয়ারেছ। তিনি জানান, ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম যথারীতি খোলা থাকবে এবং পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবেন।

এছাড়া, বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদ জানান, বাণিজ্যিক পণ্য খালাস বা পারাপার বন্ধ থাকলেও কাস্টমস সংক্রান্ত প্রয়োজনীয় দাপ্তরিক তথ্যাদি ও সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪