বাগেরহাট প্রতিনিধিঃ ৫ আগস্ট উপলক্ষে বাগেরহাটে আন্তঃজেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে বাগেরহাট বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও পরিবহন শ্রমিকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ মো. জাকির হোসেনের। তবে অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক সমিতি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাসেম সেলিম ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শেখ লিপু, আন্তঃজেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক সমিতি শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. মেহেদি হাসান, শ্রমিক নেতা আজিম ভূইয়া, মোজাফফর হোসেন মোজাম, মামুন সরদার, বাবুল মিনা, ইসরাফিল মিনা, রমজান, ফরিদ উদ্দিন, রানা হাওলাদার, কামাল সরদার, শেখ শাহিন, মহিলা দল নেত্রী নাসরিন আক্তার, শিলা আক্তার, হাফিজা আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাসেম সেলিম ভূইয়া বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনভাবে কথা বলার এবং ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়।” তিনি আরও বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শ্রমিক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। র্যালিটি বাগেরহাট বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ শেষে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
রিপোর্টার্স২৪/নাঈম