| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্যারোলে মুক্তি, হাতকড়া পরে মায়ের জানাজায় যুবলীগ নেতা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ১৭:১৮:০৯:অপরাহ্ন  |  ১২৭১ বার পঠিত
প্যারোলে মুক্তি, হাতকড়া পরে মায়ের জানাজায় যুবলীগ নেতা

নীলফামারী প্রতিনিধি: রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা নীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তিনি নীলফামারীতে এসে মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। পরে নির্ধারিত সময় শেষে তাকে আবার রংপুর কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এ সময় তার হাতে হাতকড়া পরানো ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাহিদ মাহমুদের মা রওশন আরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবর কারাগারে পৌঁছানোর পর পরিবারের পক্ষ থেকে মানবিক কারণে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর তাকে নির্ধারিত সময়ের জন্য মুক্তি দেওয়া হয়।

মঙ্গলবার শাহিদ মাহমুদ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে নিজ এলাকায় এসে মায়ের জানাজায় অংশ নেন এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে স্বজনদের সঙ্গে কিছু সময় কাটান।

মায়ের স্মৃতিচারণ করে শাহিদ মাহমুদ বলেন, গত ২৮ জুলাই মা আমার সঙ্গে দেখা করতে যান। তিনি এমনভাবে কথা বলছিলেন যেন জেল ভেঙে আমাকে নিয়ে যাবেন। আমিও মাকে আশ্বাস দিয়ে বলেছিলাম, খুব শিগগিরই বাড়ি ফিরে তোমার হাতের রান্না খাব। মায়ের সঙ্গে সেটাই ছিল আমার শেষ কথা।

জানাজায় আত্মীয়স্বজন, প্রতিবেশী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মায়ের জানাজায় অংশ নিতে শাহিদ মাহমুদকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। নীলফামারী শহরজুড়ে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

চব্বিশের ৫ আগস্টের পটপরিবর্তনের পর দুটি হত্যাসহ পাঁচটি মামলায় আসামি করা হয় যুবলীগ নেতা শাহিদ মাহমুদকে। ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রাতে রংপুর নগরীর ধাপ লালকুঠি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪