| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশে যে পাঁচ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৩:১০:১৬:অপরাহ্ন  |  ৩৩৭ বার পঠিত
বাংলাদেশে যে পাঁচ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশে প্রতিবছরই ক্যান্সারে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্যমতে, দেশে প্রতি বছর এক লাখ ১৬ হাজারেরও বেশি মানুষ বিভিন্ন ধরনের ক্যান্সারে মৃত্যুবরণ করছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হচ্ছেন এক লাখ ৬৭ হাজারের বেশি মানুষ, যদিও বাস্তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের তথ্য অনুযায়ী, শুধু গত বছরই হাসপাতালে প্রায় ৪২ হাজারের মতো রোগী চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে নতুন রোগী ছিলেন প্রায় ৩১ হাজার।

WHO-এর হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় তিন লাখ ৪৬ হাজার, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি। একই সময়ে ক্যান্সারে মৃত্যুহারও বেড়েছে প্রায় ৮ শতাংশ।

চিকিৎসকদের মতে, বাংলাদেশে বর্তমানে ৩৮ ধরনের ক্যান্সার শনাক্ত হচ্ছে। এর মধ্যে পুরুষদের মধ্যে ফুসফুস, খাদ্যনালী, মুখ ও ঠোঁটের ক্যান্সার বেশি দেখা যাচ্ছে। নারীদের মধ্যে স্তন, জরায়ুমুখ এবং ডিম্বাশয়ের ক্যান্সার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে সবচেয়ে বেশি বাড়ছে পাঁচ ধরনের ক্যান্সার খাদ্যনালির ক্যান্সার, মুখ ও ঠোঁটের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, স্তন ক্যান্সার এবং জরায়ুমুখের ক্যান্সার।

খাদ্যনালির ক্যান্সার

WHO-এর তথ্যমতে, বাংলাদেশে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন খাদ্যনালির ক্যান্সারে। বর্তমানে প্রায় ৪২ হাজারের বেশি মানুষ এ রোগে ভুগছেন এবং প্রতিবছর নতুন করে প্রায় ২৫ হাজার রোগী যুক্ত হচ্ছেন। মোট আক্রান্তের প্রায় ১৫.১ শতাংশ এই ক্যান্সারের অন্তর্ভুক্ত। মৃত্যুহারও তুলনামূলকভাবে বেশি, বছরে ২৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এ কারণে।

মুখ ও ঠোঁটের ক্যান্সার

আক্রান্তের দিক থেকে এটি দ্বিতীয় অবস্থানে। দেশে বর্তমানে ৪০ হাজারের বেশি মানুষ এই ক্যান্সারে আক্রান্ত। প্রতিবছর নতুন করে প্রায় ১৬ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। এর বড় কারণ হিসেবে ধূমপান, তামাকপাতা ও পান-জর্দার ব্যবহারকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

ফুসফুসের ক্যান্সার

মৃত্যুহারের দিক থেকে এটি অন্যতম ভয়াবহ ক্যান্সার। বছরে ১২ হাজারের বেশি মানুষ এতে মারা যান। বায়ু দূষণ, ধূমপান এবং অস্বাস্থ্যকর পরিবেশকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন চিকিৎসকেরা।

স্তন ক্যান্সার

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় স্তন ক্যান্সার। দেশে প্রায় ৩৫ হাজারের বেশি নারী এতে আক্রান্ত এবং প্রতিবছর প্রায় ১৩ হাজার নতুন রোগী যুক্ত হচ্ছেন। নারীদের ক্যান্সার আক্রান্তের ৩৬.৪ শতাংশই এই ধরনের ক্যান্সারে ভুগছেন।

জরায়ুমুখের ক্যান্সার

নারীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ এটি। দেশে বর্তমানে সাড়ে ২৬ হাজারের বেশি নারী এই রোগে আক্রান্ত। প্রতিবছর প্রায় সাড়ে ৯ হাজার নতুন রোগী শনাক্ত হন এবং প্রায় ৫ হাজার ৮০০ জনের মৃত্যু হয়।

কেন বাড়ছে ক্যান্সার?

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে জাতীয় পর্যায়ে পূর্ণাঙ্গ ক্যান্সার ডাটাবেজ না থাকায় প্রকৃত চিত্র আরও ভয়াবহ হতে পারে। অনেক রোগী হাসপাতালে আসেন না, ফলে অনেক ক্ষেত্রেই তথ্য আড়ালেই থেকে যায়।

চিকিৎসকদের মতে, ক্যান্সার বৃদ্ধির প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বায়ুদূষণ, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, তামাক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেন, বায়ুদূষণের সঙ্গে ফুসফুস ক্যান্সারের সরাসরি সম্পর্ক রয়েছে। পাশাপাশি খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনও ঝুঁকি বাড়াচ্ছে।

তিনি আরও বলেন, নারীদের মধ্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার তুলনামূলক কম বয়সেই দেখা দিচ্ছে, যা উদ্বেগজনক। তবে সময়মতো টিকা গ্রহণ, সচেতনতা এবং নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে এই ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪