| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী আজ

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ০৯:১৭:০৯:পূর্বাহ্ন  |  ১৪৯৩ বার পঠিত
বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার: আজ ২৫ বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি-তে জন্মগ্রহণ করেন বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এই সাহিত্যিক।

কবিগুরু বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছেন কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধের অনন্য সৃষ্টির মাধ্যমে। ১৯১৩ সালে কাব্যগ্রন্থ গীতাঞ্জলি-র জন্য সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন তিনি।

রবীন্দ্রনাথের বাবা ছিলেন ব্রাহ্মধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদাসুন্দরী দেবী। মাত্র আট বছর বয়সে কবিতা লেখা শুরু করেন তিনি। ১৮৯১ সাল থেকে বাবার আদেশে নদিয়া, পাবনা, রাজশাহী ও ওড়িশার জমিদারি তদারকি শুরু করেন। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে তিনি দীর্ঘসময় অতিবাহিত করেন। শিলাইদহ কুঠিবাড়ি-তে অবস্থানকালে তার বহু কালজয়ী সাহিত্যকর্ম রচিত হয়। ১৯০১ সালে সপরিবারে চলে আসেন বীরভূমের বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে।

তার জীবদ্দশায় ও মৃত্যুর পর প্রকাশিত হয়েছে ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস এবং অসংখ্য প্রবন্ধ ও গান। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তার অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক।

বিটিভিতে সকাল ৯টায় থাকছে বিশেষ শিশুতোষ অনুষ্ঠান। সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘গীতবিতান’। সন্ধ্যা ৬টায় থাকছে বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান।  রাত ৯টায় থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক ‘সম্পত্তি সমর্পণ’। রাত ১০টায় সংবাদের পর প্রচারিত হবে বিশেষ রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে কবির বিভিন্ন পর্যায়ের জনপ্রিয় ৯টি গান পরিবেশন করবেন একঝাঁক রবীন্দ্রসংগীতশিল্পী। রাত ১১টায় প্রচারিত হবে ‘চিত্রাঙ্গদা’।

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যজগৎ ছিল নানা বর্ণ, মানসিকতা ও চেতনায় ভরপুর। তাইতো, নিঃসঙ্গতার প্রতিচ্ছবি চারুলতা, সামাজিক বেড়াজাল ভেঙে আত্মসচেতন হয়ে ওঠা বিনোদিনী কিংবা গোরা উপন্যাসের স্বদেশপ্রেম ও জাতিসত্তার পরিচয়ে জর্জরিত পুরুষের মধ্যে আজও পাঠক খুঁজে ফেরে নিজেদের। বাংলার মাটিতে যেমন তাঁর কদর, তেমনি বিশ্ব দরবারেও সমানভাবে ছড়িয়ে আছে তার দীপ্তি। সাহিত্যে অবদানের জন্য নবজাগরণের এই পুরোধাকে ভূষিত করা হয় নোবেল পুরস্কারে। দিনটি উদযাপনে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে নানা আয়োজন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-ও কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। টিএসসি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪