রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাটের ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে জুতা বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার (০৭ মে) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ লেদারগুডস ও ফুটওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় ববি হাজ্জাজ বলেন, সরকার প্রাথমিক শিক্ষার্থীদের জন্য একটি পাইলট কর্মসূচি গ্রহণ করেছে, যার মাধ্যমে প্রথম ধাপে দেশের প্রতিটি উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির সব শিক্ষার্থীর মধ্যে প্রায় এক লাখ জুতা বিতরণ করা হবে।
তিনি জানান, এই উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের অংশ হিসেবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, “এ উদ্যোগ শুধু বিতরণ কর্মসূচি নয়, এটি শিশুদের জন্য মর্যাদাপূর্ণ একটি সমন্বিত সহায়তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।”
তিনি জুতার মান, ডিজাইন ও উৎপাদন প্রক্রিয়ায় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গুণগত মানে বৈষম্য যেন না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।
এ সময় টেকনিক্যাল ও কোয়ালিটি স্ট্যান্ডার্ড নির্ধারণে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। কমিটিতে মন্ত্রণালয়ের প্রতিনিধি, টেকনিক্যাল বিশেষজ্ঞ, লেদার ইনস্টিটিউট ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে।
সভায় বসুন্ধরা গ্রুপ, বাটা, এপেক্স এবং প্রাণ-আরএফএল গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম