রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর শাপলা চত্বর এ হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজ্জামেল বাবু ও ফারজানা রুপা কে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী ও দুই সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে প্রসিকিউশন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
তিনি জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনায় সে সময়ের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দীপু মনি আন্তর্জাতিক অঙ্গনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পক্ষে বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে সাংবাদিক ফারজানা রুপা ও মোজ্জামেল বাবু এর বিরুদ্ধে অভিযোগ, তারা টেলিভিশনের মাধ্যমে হেফাজতে ইসলামের সমাবেশকে উসকানিমূলকভাবে উপস্থাপন করেছিলেন।
শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের আদালতে হাজির করার নির্দেশ দেন। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ মে দিন ধার্য করা হয়েছে।
বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
এ মামলায় সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান ও শাহরিয়ার কবিরসহ মোট ছয়জন আসামি বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম