স্টাফ রিপোর্টার: দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, সুশাসন ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর চেয়ারম্যান মমিনুল ইসলাম-এর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর মো. মোস্তাকুর রহমান-এর সঙ্গে বৈঠক করেছে।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে পুঁজিবাজার উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে ছিল আরটিজিএস সুবিধার সময়সীমা বৃদ্ধি, সেটেলমেন্ট সাইকেল T+2 থেকে T+1-এ রূপান্তর, বিদেশি বিনিয়োগকারীদের জন্য হিসাব খোলার প্রক্রিয়া সহজ করা, সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট উন্নয়ন এবং সুকুক লেনদেন চালুর বিষয়।
এছাড়া দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে ডিএসই প্রতিনিধিদল। যথাযথ ক্ষতিপূরণ ছাড়া বিনিয়োগকারীদের মালিকানা হারানোর ঝুঁকি তৈরি হয়েছে বলেও তারা উল্লেখ করেন।
প্রতিনিধিদল ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত এবং একীভূতকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার দাবি জানায়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
ডিএসই প্রতিনিধিদল আশা প্রকাশ করে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ও বাজারের তারল্য বাড়বে।
রিপোর্টার্স২৪/বাবি