| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে সারের সংকট হবে না: কৃষিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ২৩:২৪:০৭:অপরাহ্ন  |  ৩৫৯০২৪ বার পঠিত
দেশে সারের সংকট হবে না: কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দেশে ইউরিয়া সারের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আগামী জুন-জুলাই পর্যন্ত কোনো সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একইসঙ্গে বিদেশ থেকে সার আমদানির প্রক্রিয়া দ্রুততর করতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে বর্তমানে যে পরিমাণ ইউরিয়া সারের মজুত আছে, তা দিয়ে আগামী জুন বা জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত অনায়াসেই চলবে। আমরা মূলত কাতার এবং সৌদি আরব থেকে সার আমদানি করি। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে কাতারে পাঠানো হয়েছে এবং আমদানির বিষয়ে ফলপ্রসূ আলোচনা চলছে।’

সার আমদানিতে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব নিয়ে মন্ত্রী বলেন, ‘যুদ্ধের কারণে কিছুটা জটিলতা তৈরি হলেও আমাদের টেলার ট্যাংক ইতোমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আশা করছি দ্রুতই সারের জাহাজগুলো চলে আসবে, ফলে সার নিয়ে বড় ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না।’

বেসরকারি খাতে সার আমদানি প্রসঙ্গে বিগত সরকারের নীতির সমালোচনা করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘ব্যক্তিজীবনে আমিও একজন কৃষক। দায়িত্ব নেওয়ার পর সার ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, বিগত সরকারের আমলে বেসরকারি খাতে সার আমদানিতে বেশি উৎসাহিত করা হয়েছিল। এর আগে জিটুজি (সরকার থেকে সরকার) পর্যায়ে সার আমদানি হতো।’

তিনি আরও যোগ করেন, ‘বেসরকারি খাতের এই আমদানির বিষয়টি আমরা পর্যালোচনা করছি। কৃষকের জন্য যা সবচেয়ে ভালো হবে এবং দেশের অর্থনীতির জন্য যা লাভজনক হবে, সরকার সেই পথেই হাঁটবে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪