রিপোর্টার্স২৪ ডেস্ক: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের ফলো-আপ স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (৯ মে) সকাল পৌনে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।
রাষ্ট্রপতির সঙ্গে এই সফরে রয়েছেন তার পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসকবৃন্দ, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
বিমানবন্দরে বিদায় জানানোর সময় উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাষ্ট্রপতির প্রেস উইং সূত্রে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবর মাসে সিঙ্গাপুরে তার কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। সেই অস্ত্রোপচারের পরবর্তী ফলো-আপ হিসেবে এবার যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
চিকিৎসা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম